ইসরায়েলের হামলায় দক্ষিণ ইরানের ফারস প্রদেশের ল্যামার্ড শহরে একটি স্পোর্টস হলে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন ভলিবল খেলোয়াড়। ইরানি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, হামলার সময় স্পোর্টস হলে খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এতে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০০ জন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, ফারস প্রদেশের বিভিন্ন স্থানে মোট চারটি রকেট আঘাত হানে, যার মধ্যে ল্যামার্ড শহর অন্যতম। হামলায় একটি স্পোর্টস হল ছাড়াও দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ল্যামার্ড জেলার নির্বাহী প্রধান আলি আলিজাদেহ জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যুর বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে বেসরকারি সূত্রগুলো নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করছে।
তিনি আরও বলেন, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।