চীনের সামরিক পাইলটদের অবৈধভাবে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মার্কিন বিমানবাহিনীর সাবেক ফাইটার পাইলট জেরাল্ড ব্রাউনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ইন্ডিয়ানা অঙ্গরাজ্য থেকে ৬৫ বছর বয়সী এই সাবেক মেজরকে আটক করা হয়।
সংবাদ:সংবাদ:মার্কিন বিচার বিভাগের অভিযোগ, কোনো সরকারি অনুমতি ছাড়াই তিনি চীনের সামরিক বাহিনীকে প্রতিরক্ষা ও কৌশলগত প্রশিক্ষণ দিয়েছেন, যা দেশটির জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। তদন্তকারী সংস্থা এফবিআই জানিয়েছে, ব্রাউন যাদের রক্ষা করার শপথ নিয়েছিলেন, তাদের বিরুদ্ধেই শত্রুপক্ষকে প্রশিক্ষণ দিয়েছেন।
দীর্ঘ ২৪ বছর মার্কিন বিমানবাহিনীতে দায়িত্ব পালন করা ব্রাউন যুদ্ধ মিশনের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ইউনিটের নেতৃত্বও দিয়েছেন। অবসর নেওয়ার পর তিনি যুদ্ধবিমান প্রশিক্ষক হিসেবে কাজ করছিলেন।
তদন্তে জানা গেছে, ২০২৩ সালের শেষ দিকে তিনি চীনে গিয়ে কয়েক বছর ধরে সামরিক পাইলটদের প্রশিক্ষণ দেন। এই কাজে স্টিফেন সু বিন নামে এক চীনা নাগরিকের সংশ্লিষ্টতা রয়েছে, যিনি আগেও মার্কিন সামরিক তথ্য চুরির অভিযোগে দণ্ডিত হয়েছেন।
এই ঘটনাকে পশ্চিমা সাবেক সামরিক সদস্যদের চীন দ্বারা নিয়োগের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে একই ধরনের অভিযোগে আরেক সাবেক মার্কিন পাইলট ড্যানিয়েল ডুগানকে অস্ট্রেলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রাউনকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে। দোষী প্রমাণিত হলে অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে তিনি কঠোর শাস্তির মুখে পড়তে পারেন।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা যুক্তরাষ্ট্রের সামরিক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং চীনের কৌশলগত তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।