শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ব্রাজিলে টানা বৃষ্টি ও ভূমিধসে প্রাণহানি ২৩, নিখোঁজ অন্তত ৪০


প্রকাশ :

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস গেরাইস রাজ্যে টানা ভারী বর্ষণ ও ভয়াবহ বন্যায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৪০ জন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় উদ্ধারকারী ও জরুরি সেবা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জুইজ ডি ফোরো শহর, যেখানে এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের খোঁজে প্রশিক্ষিত কুকুর ও আধুনিক সরঞ্জাম নিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন কয়েক ডজন কর্মী। তবে আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, শহরটিতে অন্তত ৪৪০ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। শহরের মেয়র মার্গারিদা সালোমাও জানান, এলাকায় অন্তত ২০টি ভূমিধস হয়েছে এবং বহু ঘরবাড়ি ধসে পড়েছে।

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে একটি শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও এখনো বহু পরিবার তাদের স্বজনদের অপেক্ষায় প্রহর গুনছে। পাশের উবা শহরেও অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ফায়ার ব্রিগেডের কর্মকর্তা ডিমেট্রিয়াস গৌলার্ট জানান, গভীর রাতে হঠাৎ বৃষ্টিপাত ও নদীর পানি উপচে পড়ায় অনেক মানুষ ঘুমন্ত অবস্থাতেই বিপদের মুখে পড়েন। পুরো এলাকা কাদা ও পলিমাটিতে ঢেকে গেছে।

মেয়র সালোমাও জানান, মাত্র চার ঘণ্টায় ১৮০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। ফেব্রুয়ারি মাসটি এ অঞ্চলের ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের মাস হিসেবে রেকর্ড হয়েছে।

এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জীবন রক্ষা, বাস্তুচ্যুতদের সহায়তা এবং জরুরি সেবা পুনরুদ্ধার করা।

বর্তমানে ফায়ার সার্ভিসের শতাধিক সদস্য উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন। স্থানীয় প্রশাসন ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে, যদিও টানা বৃষ্টি ও নতুন করে ভূমিধসের ঝুঁকি পরিস্থিতিকে জটিল করে তুলছে।

সূত্র: আল জাজিরা