অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মসজিদের দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, উত্তর পশ্চিম তীরের নাবলুসের কাছে সাররা ও তাল গ্রামের মাঝামাঝি এলাকায় অবস্থিত আবু বকর আস-সিদ্দিক মসজিদে এই হামলার ঘটনা ঘটে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ভোরে ফজরের নামাজ পড়তে এসে মুসল্লিরা মসজিদের প্রবেশপথে আগুন ও ধোঁয়ার চিহ্ন দেখতে পান। স্থানীয় বাসিন্দা মুনির রামদান বলেন, দরজা খুলতেই তিনি আগুন জ্বলতে এবং ভাঙচুরের চিহ্ন দেখতে পান।
সিসিটিভি ফুটেজে দুই ব্যক্তিকে পেট্রোল ও স্প্রে পেইন্ট নিয়ে মসজিদের দিকে যেতে দেখা গেছে। পরে তারা দ্রুত স্থান ত্যাগ করে। হামলাকারীরা মসজিদের দেয়ালে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের পাশাপাশি ‘প্রতিশোধ’ ও ‘প্রাইস ট্যাগ’ শব্দ লিখে রেখে যায়।
গাজার যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত সেখানে ১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, গত বছর পশ্চিম তীরে অন্তত ৪৫টি মসজিদে হামলার ঘটনা ঘটেছে।