শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড ছুঁইছুঁই


প্রকাশ :

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন উত্থান দেখা গেছে, যা তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। মার্কিন সুপ্রিম কোর্টের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পর বৈশ্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রত্যাশা তৈরি হলেও ডলারের মান কমে যাওয়ায় বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকছেন।

বার্তাসংস্থা রয়টার্স-এর তথ্য অনুযায়ী, সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫,১৬৩.৬০ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে এপ্রিলে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণের ফিউচার ২ শতাংশ বেড়ে ৫,১৮৪.৯০ ডলারে উঠেছে।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন সুপ্রিম কোর্ট-এর সাম্প্রতিক রায়ের ফলে শুল্কনীতি নিয়ে কিছুটা স্বস্তি তৈরি হলেও আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। অন্যদিকে ডলারের দুর্বলতা স্বর্ণকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

বাজারে আরও একটি বড় প্রভাব ফেলেছে ফেডারেল রিজার্ভ-এর সম্ভাব্য সুদের হার কমানোর ইঙ্গিত। সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, চলতি বছর একাধিকবার সুদের হার কমতে পারে—এই প্রত্যাশায় স্বর্ণের চাহিদা বেড়েছে।

শুধু স্বর্ণই নয়, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ৩.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৭.১০ ডলারে উঠেছে। পাশাপাশি প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও বেড়েছে।

বিশ্ববাজারের এই প্রবণতার প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় বাজারেও দ্রুত মূল্য সমন্বয় করা হতে পারে।

উল্লেখ্য, সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি দেশে স্বর্ণের দাম বাড়ানো হয়। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২,৫৮,৮২৪ টাকা এবং প্রতি ভরি রুপা ৬,৭০৭ টাকায় বিক্রি হচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে, এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে খুব শিগগিরই স্বর্ণের দাম নতুন রেকর্ড স্পর্শ করতে পারে।