মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাং এলাকায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এক দোতলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যেখানে প্রাণে বেঁচে যান এক প্রবাসী বাংলাদেশি যুবক ও তার ইন্দোনেশীয় স্ত্রী।
সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট জানিয়েছে, বিকেল ৪টা ৩৯ মিনিটে আগুন লাগার জরুরি বার্তা পাওয়ার মাত্র ৮ মিনিটের মধ্যে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে দোতলা বাড়িতে আগুনের লেলিহান শিখা পুরো এলাকায় ছড়িয়ে পড়েছিল।
স্থানীয় শ্রী আন্দালাস এবং পোর্ট ক্লাং স্টেশনের ১৪ জন অভিজ্ঞ দমকলকর্মী সাহসিকতার সঙ্গে উদ্ধার অভিযান চালান। উদ্ধারকৃতরা হলেন ২৭ বছর বয়সি বাংলাদেশি যুবক ও তার ৩৮ বছর বয়সি ইন্দোনেশীয় স্ত্রী। ইন্দোনেশীয় নারী ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছিলেন; তাকে কৃত্রিম অক্সিজেন দিয়ে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়।
অগ্নিকাণ্ডে দোতলা টেরেস হাউসের প্রায় ৭০ শতাংশ পুড়ে ছাই হয়ে গেছে। দমকল বাহিনী আধুনিক অগ্নিনির্বাপক ইঞ্জিন ‘নাভারা’ এবং লাইট ফায়ার রেসকিউ টেন্ডার ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আহমেদ মুখলিস মুখতার সাধারণ মানুষকে বাড়ির অগ্নিনিরাপত্তা নিয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সামান্য অসাবধানতাও বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে, তাই বৈদ্যুতিক সরঞ্জাম নিয়মিত পরীক্ষা এবং নিরাপত্তা বিধি মেনে চলা অত্যন্ত জরুরি।