পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে তুলে ধরে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) নবান্নে এক সংবাদ সম্মেলনে তিনি এ মনোভাব ব্যক্ত করেন।
মমতা বলেন, “প্রতিবেশী দেশে নির্বাচন শান্তিপূর্ণভাবে হতে পারে, অথচ আমাদের দেশে, বিশেষ করে বাংলায় ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পরিকল্পনা নজরে আসছে।”
তিনি ভারতের নির্বাচন কমিশনকে নিশানা করে বলেন, “কমিশনের থ্রেট কালচার পুরো গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। গণতন্ত্রকে বুলডোজ করা হচ্ছে। এমন পরিস্থিতি রাজতন্ত্রেও দেখা যায়নি।”
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, “নির্বাচন কমিশন জেলা শাসকদের হুমকি দিচ্ছেন, চাকরি আমার হাতে। কিন্তু আসল নিয়ন্ত্রণ কার হাতে, সেটা বোঝা দরকার। ২০২৬ সালের পর কেন্দ্রের সরকার থাকবে না। খোঁজ রাখুন।”