শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহত


প্রকাশ :

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে স্পাইডার লিফট ক্রেন দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জালান পেরাক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক নিজেই ওই ক্রেনটি পরিচালনা করছিলেন। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, তিনি রাস্তার পাশের একটি বিলবোর্ডে কাজ করছিলেন।

কুয়ালালামপুর ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের প্রধান সহকারী পুলিশ কমিশনার (এসিপি) মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে ক্রেনটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালানো হচ্ছিল। কাজের সময় ক্রেনের একটি অংশ ফুটপাতের সঙ্গে আটকে গেলে সেটি নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে পড়ে। এতে চালক নিচে চাপা পড়েন।

দুর্ঘটনার ধাক্কায় পাশে থাকা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, তবে সেগুলোর ভেতরে থাকা কেউ আহত হননি বলে পুলিশ জানিয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কুয়ালালামপুর হাসপাতালের একজন চিকিৎসক। পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি বাংলাদেশি শ্রমিককে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর পুলিশ ক্রেনটির মালিক প্রতিষ্ঠান শনাক্ত করার চেষ্টা করছে। একই সঙ্গে ওই এলাকায় ক্রেন পরিচালনার বৈধ অনুমতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।