যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামাকে আপত্তিকরভাবে উপস্থাপন করা একটি ভিডিও ট্রুথ সোশ্যালে পোস্ট হওয়া নিয়ে তীব্র বিতর্কের মধ্যেও ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৭ ফেব্রুয়ারি) সিএনএনের অনলাইন প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
ভিডিওটি গত বৃহস্পতিবার পোস্ট হওয়ার পর অন্তত ১২ ঘণ্টা অনলাইনে ছিল। সমালোচনার ঝড় ওঠার পর হোয়াইট হাউস সেটি সরিয়ে নেয়। ট্রাম্প বলেছেন, “আমাদের নজরে আসামাত্রই ভিডিওটি সরানো হয়েছে।” একই সঙ্গে তিনি ভিডিওটির প্রথম অংশের প্রশংসা করে বলেন, সেটি “খুবই ভালো ছিল।”
সিএনএন জানিয়েছে, ভিডিওর প্রথম অংশে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কথিত কারচুপির অভিযোগ তুলে ধরা হয়। অন্যদিকে বিবিসি বলছে, ভিডিও সরানোর আগেই হোয়াইট হাউস এর পক্ষে অবস্থান নিয়েছিল, যদিও ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির কয়েকজন সদস্য এর সমালোচনা করেছেন।
সমালোচকদের বক্তব্য, ভিডিওটি আফ্রিকান বংশোদ্ভূত মানুষের মর্যাদা খর্ব করেছে। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা দাবি করেন, একজন কর্মীর ভুলে পোস্টটি আপলোড হয়েছিল এবং পরে তা সরিয়ে নেওয়া হয়েছে।
ভিডিওর শেষ অংশে একটি নাচতে থাকা ছোট বানরের ক্লিপ দেখানো হয়, যেখানে ওবামার মুখ বসানো ছিল—যা নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত।