পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের বিভিন্ন শহরে একই সময়ে সংগঠিত হামলা চালিয়েছে জাতিগত বালুচ বিচ্ছিন্নতাবাদীরা। এই সহিংসতায় আটজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
শনিবার (৩১ জানুয়ারি) প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ আশপাশের এলাকায় একাধিক পুলিশ স্টেশনে বন্দুকধারীরা আক্রমণ চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাগুলো প্রায় একই সময়ে শুরু হয়, যা পরিকল্পিত অভিযানের ইঙ্গিত দেয়।
আফগানিস্তান ও ইরান সীমান্তঘেঁষা খনিজসমৃদ্ধ বেলুচিস্তানে কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ চলছে। এসব গোষ্ঠী নিয়মিতভাবে রাষ্ট্রীয় বাহিনী, সরকারি স্থাপনা এবং অ-স্থানীয় নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তানের সবচেয়ে সক্রিয় সশস্ত্র সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। তারা দাবি করেছে, সামরিক স্থাপনা, পুলিশ ইউনিট এবং বেসামরিক প্রশাসনের ওপর একাধিক বন্দুক ও আত্মঘাতী হামলা চালানো হয়েছে।
তবে পাকিস্তান সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কোয়েটার এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আল-জাজিরাকে বলেন, কোয়েটা, পাসনি, মাস্তুং, নুশকি ও গোয়াদার জেলায় সমন্বিত হামলা চালানো হয়। তিনি আরও বলেন, নিরাপত্তা ব্যবস্থার দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
এদিকে অভিযান চলাকালে কয়েকজন নিরাপত্তা সদস্যকে অপহরণের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ইন্টারনেট ও ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেয়।