যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলে তীব্র তুষারঝড়ে অন্তত ১৪টি অঙ্গরাজ্যে ৩৮ জনের মৃত্যু হয়েছে। বরফাচ্ছন্ন সড়ক, হিমাঙ্কের নিচে তাপমাত্রা এবং তুষারপাতের কারণে ব্যাপক অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি জানান, নিউইয়র্কে আট বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি ফারেনহাইটে নেমেছে। নিহতদের সবাইকে বাইরে পাওয়া গেছে, তবে তারা গৃহহীন ছিলেন কি না তা নিশ্চিত নয়। শহরে সবচেয়ে বেশি ১০ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার শুরু হওয়া ঝড় সপ্তাহান্তে বড় পরিসরে তুষারপাতের রূপ নিলে সড়ক ও ফ্লাইট যোগাযোগ ব্যাহত হয়েছে, পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। মঙ্গলবার পর্যন্ত দেশজুড়ে প্রায় ৫ লাখ ৫০ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন ছিল। জরুরি সেবা কর্মীরা বিশেষভাবে গৃহহীনদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।
নিউইয়র্কে তিনটি আশ্রয়কেন্দ্র ও দুটি অতিরিক্ত কেন্দ্র মিলিয়ে প্রায় ১,৪০০ গৃহহীন আশ্রয় নিয়েছেন। ন্যাশভিল রেসকিউ মিশনে সাধারণত ৪০০ জন থাকে, তবে শৈত্যপ্রবাহে সংখ্যা বেড়ে প্রায় ৭ হাজারে পৌঁছেছে।
দেশজুড়ে মৃত্যুর মূল কারণ হিসেবে হাইপোথার্মিয়া, ঠান্ডায় হৃদরোগজনিত জটিলতা এবং বরফ পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনা উল্লেখ করা হয়েছে। টেক্সাসে তিন কিশোর বরফে জমা পুকুরে পড়ে মারা গেছেন। কানসাস, কেনটাকি, লুইজিয়ানা, মিসিসিপি, সাউথ ক্যারোলাইনা, টেনেসি ও মিশিগানেও মৃত্যুর খবর পাওয়া গেছে।
আবহাওয়াবিদরা জানান, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আরেকটি তুষারঝড় আঘাত হানতে পারে। বর্তমানে অন্তত ২০ কোটি আমেরিকান শীত সতর্কতার আওতায় রয়েছেন, যা ১ ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে পারে।