শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে আকাশসীমা দেবে না সৌদি


প্রকাশ :

ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে সৌদি আরব তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে স্পষ্ট অবস্থান জানিয়েছেন দেশটির যুবরাজ ও কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই বার্তা দেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানায়।

টেলিফোন আলাপে সৌদি যুবরাজ বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে মতপার্থক্য সংলাপের মাধ্যমে সমাধানের যেকোনো উদ্যোগকে রিয়াদ সমর্থন করে। তিনি স্পষ্ট করে জানান, সৌদি আরব কোনোভাবেই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে যুক্ত হবে না।

এর আগে ইরানের গণমাধ্যম জানায়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি যুবরাজকে বলেছেন—আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকে যুদ্ধ এড়াতে সহায়ক যেকোনো প্রক্রিয়াকে তেহরান স্বাগত জানায়।

সৌদি আরবের এই অবস্থানের আগেই সংযুক্ত আরব আমিরাতও একই ধরনের ঘোষণা দেয়। দেশটি জানায়, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তাদের আকাশসীমা বা জলসীমা ব্যবহার করতে দেওয়া হবে না।

এদিকে, ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, একটি আর্মাডা ইরানের দিকে অগ্রসর হয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, সেটি ব্যবহার করার প্রয়োজন পড়বে না। একই সঙ্গে তিনি বিক্ষোভকারীদের হত্যা বন্ধ এবং পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু না করার বিষয়ে সতর্কবার্তা দেন। যদিও দেশজুড়ে চলা বিক্ষোভ বর্তমানে অনেকটাই স্তিমিত।

গত সোমবার দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, একটি মার্কিন বিমানবাহী রণতরী ও সহায়ক যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর ফলে মার্কিন বাহিনীকে রক্ষা এবং প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা বেড়েছে বলে তারা মন্তব্য করেন।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সাম্প্রতিক বিক্ষোভ দমনে ইরানের নিরাপত্তা বাহিনীর অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে সাধারণ পথচারীরাও রয়েছেন। তাদের মতে, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটিই সবচেয়ে বড় দমন-পীড়ন। তবে ইরানি কর্তৃপক্ষের দাবি, প্রবাসী বিরোধীদের মদদপুষ্ট ‘সন্ত্রাসী ও দাঙ্গাবাজদের’ কারণেই এসব সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে।