শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২, আহত অন্তত দুই ডজন


প্রকাশ :

রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলায় দুইজন নিহত এবং অন্তত দুই ডজন মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেটস্ক অঞ্চলের স্লোভিয়ানস্ক শহরে রাশিয়ার হামলায় এক দম্পতি নিহত হন। ক্রেমলিনের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই এলাকাকে কেন্দ্র করে সম্প্রতি রাশিয়া তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে।

স্থানীয় প্রসিকিউটররা জানান, রাশিয়া যে অঞ্চলটি দখল করেছে বলে দাবি করে আসছে, সেখানে চালানো আরেকটি হামলায় ২০ বছর বয়সী এক যুবক অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় রাশিয়ার ড্রোন হামলায় প্রায় দুই ডজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর। কৃষ্ণসাগরীয় এই শহরটি ইউক্রেনের রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গভর্নর ওলেগ কিপার জানান, একদিনেই এই অঞ্চলে রাশিয়া ৫০টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে। এতে কয়েক ডজন আবাসিক ভবন, একটি গির্জা ও একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, হামলায় মোট ২৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুটি শিশু ও একজন গর্ভবতী নারী রয়েছেন।

তিনি আরও জানান, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার করেছেন। তবে এখনো আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইউক্রেনজুড়ে লাখ লাখ মানুষ বিদ্যুৎ, আলো ও তাপ সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছেন।