শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

কলকাতার আনন্দপুরে গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৭, নিখোঁজ ২০


প্রকাশ :

ভারতের পূর্ব কলকাতার আনন্দপুর এলাকার নাজিরাবাদে দুটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) রাত পর্যন্ত ঘটনাস্থল থেকে সাতজনের দেহাংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন বলে স্বজনদের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। খবর ডয়চে ভেলের।

প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুদাম দুটি একটি মোমো প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিকানাধীন। সেখানে সফট ড্রিংকস ও শুকনো খাবারের বিপুল পরিমাণ প্যাকেট মজুত ছিল। রোববার রাত প্রায় তিনটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। সোমবার রাত পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার সকালেও আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়নি বলে স্থানীয় গণমাধ্যম টিভি৯ জানিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুন লাগার সময় গুদামে প্রায় ৩০ জন কর্মী কাজ করছিলেন। নিখোঁজদের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার হওয়া দেহাংশগুলো সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় সেগুলোর পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। ফরেনসিক ও ভিসেরা পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছেন প্রশাসনের কর্মকর্তারা।

পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী সুজিত বসু জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, শহরের ভেতরে এত বড় দুটি গুদামে রাতে এত লোক থাকার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও দেখা গেছে। বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করে বলেন, পশ্চিমবঙ্গে নিয়মিতভাবে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। অবৈধ কর্মকাণ্ড ও নিরাপত্তাহীনতার কারণেই রাজ্যটি বারবার এমন বিপর্যয়ের মুখে পড়ছে বলে তিনি দাবি করেন।