শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারঝড় ও তীব্র শীত, বিপর্যস্ত জনজীবন: প্রাণ গেল ১১ জনের


প্রকাশ :

যুক্তরাষ্ট্রে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ শীতকালীন তুষারঝড় আঘাত হেনেছে। টানা তুষারপাত, বরফশীতল বৃষ্টি ও তীব্র ঠান্ডায় দেশটির অর্ধেকের বেশি অঞ্চল কার্যত অচল হয়ে পড়েছে। এ পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় ১০ লাখ মানুষ।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের বরাতে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ইলিনয়েস, ওহিও, ইন্ডিয়ানা, কানসাস, নিউজার্সি, নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, মিসৌরি, ওকলাহোমা, টেক্সাস ও টেনেসিসহ অন্তত ১৫টি অঙ্গরাজ্যের বিস্তীর্ণ এলাকা পুরু তুষারে ঢেকে গেছে। একই সঙ্গে ক্যারোলাইনা অঙ্গরাজ্যসহ মধ্য আটলান্টিক অঞ্চলে তুষারপাতের পাশাপাশি বরফশীতল বৃষ্টি শুরু হয়েছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর শীতকালীন সতর্কতা জারি করেছে। এই সতর্কতার আওতায় রয়েছে প্রায় ১৮ কোটি ৫০ লাখ মানুষ।

তীব্র শীত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে বিভিন্ন অঙ্গরাজ্যে স্কুলসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

খারাপ আবহাওয়ার প্রভাব পড়েছে বিমান চলাচলেও। যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে। বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রোববার একদিনেই দেশজুড়ে ১৭ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। করোনা মহামারির পর যুক্তরাষ্ট্রে একদিনে এত সংখ্যক ফ্লাইট বাতিলের ঘটনা এই প্রথম।