পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে তীব্র তুষারপাতের মধ্যে ভয়াবহ তুষারধসে এক পরিবারের অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের একমাত্র জীবিত সদস্য নয় বছর বয়সী এক শিশু। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে প্রদেশটির চিত্রল জেলার দামিল এলাকার সেরিগাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
স্থানীয় প্রশাসনের তথ্যমতে, কয়েক দফা ভারী তুষারপাতের পর পাহাড়ি ওই অঞ্চলে ধসের ঝুঁকি তৈরি হয়। একপর্যায়ে পাশের চারণভূমি থেকে নেমে আসা বিপুল পরিমাণ তুষার জনবসতিহীন এলাকায় অবস্থিত একটি বাড়ির ওপর আছড়ে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা পরিবারের সদস্যরা চাপা পড়েন।
নিহতদের মধ্যে বাড়ির মালিক বাচা খান, তার স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও দুই শ্যালিকা রয়েছেন। দুর্ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘরের ভেতরে অবস্থান করছিলেন।
লোয়ার চিত্রলের জেলা প্রশাসক হাসিম আজিম জানান, উদ্ধারকারী দল তুষারের নিচে চাপা পড়া মরদেহগুলো উদ্ধার করেছে। আহত শিশুটিকে দ্রুত চিকিৎসার আওতায় নেওয়া হয়েছে।
চিত্রল উপত্যকায় টানা ৩৬ ঘণ্টার বেশি সময় ধরে ভারী তুষারপাত অব্যাহত থাকায় জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। লোয়ারি টানেলের সংযোগ সড়ক প্রায় ১৮ ঘণ্টা বন্ধ থাকায় হাজারো যাত্রী আটকা পড়েন। পরে তুষার সরানোর পর শুক্রবার সন্ধ্যায় ওই পথে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, অতিরিক্ত তুষারপাতের কারণে আপার ও লোয়ার চিত্রলের বিভিন্ন সড়ক এখনো সতর্কতামূলকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।