সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প


প্রকাশ :

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের সম্পর্ক নতুন করে তীব্র উত্তেজনায় পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।

এই পরিস্থিতিতে ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের আগ্রাসনের জবাবে তারা কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। তেহরানের এই অবস্থানের ফলে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) রয়টার্স ও আল জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে।

বিক্ষোভ দমনে প্রাণহানি ও গ্রেপ্তারের সংখ্যা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে তার জবাবে শক্ত অবস্থান নেওয়া হতে পারে। সম্প্রতি এক বিক্ষোভকারীর দ্রুত বিচার ও মৃত্যুদণ্ড কার্যকরের খবরে ওয়াশিংটনের প্রতিক্রিয়া আরও কড়া হয়েছে।

ইউরোপীয় কূটনৈতিক সূত্রগুলোর মতে, হোয়াইট হাউস সামরিক বিকল্পগুলো সক্রিয়ভাবে পর্যালোচনা করছে। পেন্টাগনের পক্ষ থেকে সম্ভাব্য বিভিন্ন লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন ঘাঁটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং কিছু সেনা পুনর্বিন্যাস করা হয়েছে।

এদিকে দুই দেশের মধ্যে নির্ধারিত কূটনৈতিক বৈঠক বাতিল হওয়ায় যোগাযোগ কার্যত স্থবির হয়ে পড়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন, বিদেশি কোনো হামলার মুখে দেশটি আপস করবে না।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, চলমান বিক্ষোভ ঘিরে ব্যাপক সংখ্যক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং দ্রুত বিচার কার্যক্রম জোরদার করা হয়েছে। এ অবস্থায় রাশিয়া ও চীন সরাসরি বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করেছে। রাশিয়া সতর্ক করে বলেছে, ইরানে সামরিক হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

তুরস্কসহ কয়েকটি দেশ সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে, পূর্ণমাত্রার যুদ্ধের বদলে সীমিত পরিসরের সামরিক পদক্ষেপের আশঙ্কাই বেশি আলোচনায় রয়েছে।

সূত্র: রয়টার্স