সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই সমঝোতার আওতায় শহরের আশরাফিয়া ও শেখ মাকসুদ এলাকা থেকে নিজেদের নিয়ন্ত্রণে থাকা যোদ্ধাদের প্রত্যাহারে সম্মত হয়েছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)।
রোববার দেওয়া এক বিবৃতিতে এসডিএফ জানায়, আলোচনার মাধ্যমে একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই সমঝোতার ফলে গত কয়েক দিনের সংঘর্ষে নিহতদের মরদেহ উদ্ধার, আহত ও আটকা পড়া বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং কুর্দি যোদ্ধাদের উত্তর ও পূর্ব সিরিয়ায় স্থানান্তরের পথ খুলে গেছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, যোদ্ধাদের বহনকারী বাসের শেষ বহরটি ইতোমধ্যে শেখ মাকসুদ এলাকা ত্যাগ করেছে। বাসগুলো উত্তর-পূর্ব সিরিয়ার দিকে রওনা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গত কয়েক দিনে আলেপ্পোর এই দুটি এলাকায় কুর্দি যোদ্ধা ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ চলে। এতে হতাহতের খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এমন অবস্থায় মানবিক কারণ ও দীর্ঘমেয়াদি সংঘাত এড়ানোর লক্ষ্যেই যোদ্ধা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্রগুলোর মতে, এই যুদ্ধবিরতির মাধ্যমে আলেপ্পোয় অন্তত সাময়িকভাবে সহিংসতা কমার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং মানবিক সহায়তা কার্যক্রম জোরদারের সুযোগ বাড়বে।