সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ভেনেজুয়েলা সংকট সমাধানে ভারতের আহ্বান


প্রকাশ :

ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির জনগণের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংকট নিরসনের পথে এগোনোর জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

লুক্সেমবার্গে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জয়শঙ্কর বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট পক্ষগুলো দ্রুত আলোচনায় বসে এমন একটি সমাধানে পৌঁছাবে, যা ভেনেজুয়েলার জনগণের মঙ্গল ও নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, ভারতের মূল উদ্বেগ হলো—ভেনেজুয়েলার মানুষ যেন এই সংকট থেকে নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। বহু বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে জয়শঙ্কর জানান, রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, দেশটির জনগণ যেন চলমান অস্থিরতা কাটিয়ে উঠতে পারে—এটাই ভারতের প্রত্যাশা।

প্রসঙ্গত, ৩ জানুয়ারি রাজধানী কারাকাসে মার্কিন বাহিনীর এক আকস্মিক অভিযানের পর ভেনেজুয়েলার সংকট আরও গভীর হয়। ওই অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হন। পরবর্তীতে তাকে এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।

মার্কিন প্রশাসন এর আগে দীর্ঘদিন ধরে মাদুরোর বিরুদ্ধে মাদক চোরাচালান ও অপরাধচক্র পরিচালনার অভিযোগ করে আসছিল এবং তাকে ক্ষমতা ছাড়ার জন্য চাপ দিচ্ছিল। সাম্প্রতিক অভিযানের মধ্য দিয়ে সেই উত্তেজনা নতুন মাত্রা পায়।

বর্তমানে মাদুরো ও তার স্ত্রী যুক্তরাষ্ট্রের একটি কারাগারে রয়েছেন। তারা নিউইয়র্কের একটি আদালতে হাজির হয়ে মাদক পাচারের অভিযোগ অস্বীকার করেছেন। একই সঙ্গে মাদুরো নিজেকে এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট বলে দাবি করেন।

সূত্র: এনডিটিভি