সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

দেশীয় প্রযুক্তির ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রের সফল জোড়া পরীক্ষা চালাল ভারত


প্রকাশ :

বছরের শেষ দিনে সামরিক সক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা দিল ভারত। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে ওড়িশার চাঁদিপুর উপকূলে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বল্প পাল্লার আধা-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ পরীক্ষায় স্যালভো লঞ্চ পদ্ধতিতে অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দুটি ক্ষেপণাস্ত্রই বঙ্গোপসাগরে নির্ধারিত লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়।

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-এর নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ‘প্রলয়’ মূলত ভূমি থেকে নিক্ষেপযোগ্য একটি আধা-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এতে উন্নত প্রপালশন ব্যবস্থা ও আধুনিক নেভিগেশন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যা লক্ষ্যভেদে উচ্চমাত্রার নির্ভুলতা নিশ্চিত করে। ক্ষেপণাস্ত্রটির কার্যকর পাল্লা ১৫০ থেকে ৫০০ কিলোমিটার পর্যন্ত।

ডিআরডিও সূত্র জানায়, ‘প্রলয়’ মাঝপথে গতিপথ পরিবর্তনে সক্ষম হওয়ায় শত্রুপক্ষের প্রতিরোধ ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে, যা আধুনিক যুদ্ধকৌশলে একে বিশেষভাবে কার্যকর করে তোলে।

এই পরীক্ষার সময় ডিআরডিও-র শীর্ষ বিজ্ঞানী ও কর্মকর্তাদের পাশাপাশি স্থল, নৌ ও বিমানবাহিনীর উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সফল জোড়া উৎক্ষেপণ ভারতের কৌশলগত প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক বিবৃতিতে এই সাফল্যের জন্য ডিআরডিও ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক সফল পরীক্ষা এর যুদ্ধ প্রস্তুতির সক্ষমতা প্রমাণ করে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, খুব শিগগিরই ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রকে ভারতীয় সশস্ত্র বাহিনীর অস্ত্রভাণ্ডারে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হতে পারে। বছরের শেষ দিনে এই পরীক্ষা ভারতের সামরিক আত্মনির্ভরতার প্রতীক হিসেবেও দেখা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া