যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে উড্ডয়নের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন পাইলট প্রাণ হারিয়েছেন। অপর পাইলটকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হামোন্টন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের আকাশসীমায় দুর্ঘটনাটি ঘটে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, সংঘর্ষে জড়িত হেলিকপ্টার দুটি ছিল এন্সট্রম এফ-২৮এ ও এন্সট্রম ২৮০সি মডেলের। প্রতিটি হেলিকপ্টারে একজন করে পাইলট ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আকাশে মুখোমুখি সংঘর্ষের পর একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। অপরটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত পাইলটকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একটি হেলিকপ্টারে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে, যা ফায়ার সার্ভিস দ্রুত নিয়ন্ত্রণে আনে।
হামোন্টন পুলিশের প্রধান কেভিন ফ্রিল জানান, নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনার পর বিমানবন্দর এলাকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পুরো এলাকা ঘিরে রেখে উদ্ধার ও প্রাথমিক তদন্তের কাজ সম্পন্ন করা হয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথ তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এটি যান্ত্রিক ত্রুটি, মানবিক ভুল নাকি আকাশপথে সমন্বয়জনিত কোনো সমস্যার কারণে ঘটেছে কি না।
আকাশ পরিষ্কার থাকা সত্ত্বেও এমন সংঘর্ষ কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ পেতে কিছুটা সময় লাগবে। নিহত ও আহত পাইলটদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
সূত্র: বিবিসি