নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে নামাজের সময় একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং আরও কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আল-আদুম মসজিদে মাগরিবের নামাজ চলাকালে এ বিস্ফোরণ ঘটে। সে সময় মুসল্লিরা নামাজ আদায়ের জন্য মসজিদের ভেতরে সমবেত ছিলেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে চলমান নিরাপত্তা সংকটের মধ্যেই এ ঘটনা ঘটল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বোকো হারাম ও তাদের সহযোগী গোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) গত প্রায় ১৫ বছর ধরে এ অঞ্চলে বেসামরিক নাগরিক, মসজিদ ও বাজারকে লক্ষ্য করে সহিংস কার্যক্রম চালিয়ে আসছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর মসজিদের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত মাইদুগুরি ইউনিভার্সিটি টিচিং হাসপাতাল ও স্টেট স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় বাজার কমিটির নেতা মাস্তা ডালোরি বলেন, নামাজ চলাকালেই বিস্ফোরণটি ঘটে। কীভাবে ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে কেউ স্পষ্ট করে বলতে পারেননি।
বোর্নো রাজ্যের গভর্নর বাবাগানা জুলুম এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘বর্বর ও অমানবিক’ আখ্যা দেন। তিনি ধর্মীয় স্থান ও জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
পুলিশ জানিয়েছে, হতাহতের সংখ্যা যাচাই করা হয়েছে এবং বোমা নিষ্ক্রিয়কারী দল এলাকায় তল্লাশি চালাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে বাসিন্দাদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত আগস্টে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাটসিনা রাজ্যে একটি মসজিদ ও আশপাশের বাড়িতে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছিল।