ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গ জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৪৮ নম্বর জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে দ্রুতগতির একটি ট্রাকের সংঘর্ষের পর এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বেসরকারি মালিকানাধীন একটি স্লিপার বাস বেঙ্গালুরু থেকে শিমোগার উদ্দেশে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার টপকে বাসটিকে সজোরে ধাক্কা দেয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের ফলে বাসের জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত হলে তেল ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই আটজন বাসযাত্রী ও ট্রাকচালকের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী জানান, সংঘর্ষের পরপরই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাসের দরজা খুলতে সমস্যা হয়। এ সময় কয়েকজন যাত্রী জানালার কাচ ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। আশপাশের লোকজন ও সহযাত্রীরা কয়েকজনকে উদ্ধার করতে পারলেও আগুনের তীব্রতার কারণে সবাইকে বাঁচানো সম্ভব হয়নি।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ট্রাকটি সরাসরি বাসের জ্বালানি ট্যাংকের অংশে আঘাত করায় অগ্নিকাণ্ডের পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নেয়। দুর্ঘটনার পর তুমকুর রোড এলাকায় প্রায় আট কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন ও পর্যটক দীর্ঘ সময় সড়কে আটকে পড়েন।
খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার কার্যক্রম চালান। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, গত নভেম্বর মাসেও ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে বহু প্রাণহানির ঘটনা ঘটেছিল। কর্ণাটকের এই দুর্ঘটনা দেশটিতে সড়ক নিরাপত্তা ও যানবাহনের নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সূত্র: এনডিটিভি