সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলা, নিহত ১০


প্রকাশ :

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। জোহানেসবার্গের বাইরে একটি পৌরসভা এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে। চলতি মাসে দেশটিতে এটি দ্বিতীয় বড় ধরনের গণহত্যার ঘটনা।

পুলিশ জানায়, জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেকারসডাল এলাকায় হামলাটি চালানো হয়। কী কারণে এ হামলা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

এক বিবৃতিতে পুলিশ জানায়, অজ্ঞাত বন্দুকধারীরা একটি রাস্তায় এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ১০ জন প্রাণ হারান। গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি জানান, হামলাকারীদের পরিচয় বা সংখ্যা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ আফ্রিকার কয়েকটি বড় সোনার খনির কাছাকাছি অবস্থিত বেকারসডালের একটি বারের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে চলতি মাসের ৬ ডিসেম্বর রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকধারীদের হামলায় তিন বছরের এক শিশুসহ ১২ জন নিহত হন।

পুলিশের প্রাথমিক ধারণা, সর্বশেষ হামলাটি অবৈধভাবে মদ বিক্রির সঙ্গে জড়িত একটি স্থানে সংঘটিত হতে পারে। প্রায় ৬ কোটি ৩০ লাখ জনসংখ্যার দক্ষিণ আফ্রিকায় অপরাধের হার তুলনামূলকভাবে বেশি বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।