ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি ভঙ্গ করে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শুক্রবার (১৯ ডিসেম্বর) গাজা সিটির তুফাহ এলাকায় আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে হামলা চালানো হয়।
কাতারভিত্তিক আল জাজিরা জানিয়েছে, এই হামলায় বর-কনে পক্ষের অন্তত ৬ জন নিহত হয়েছেন এবং আরও অনেকজন আহত হয়েছেন। তুফাহ এলাকার একটি স্কুল ভবনে যুদ্ধের কারণে ঘরবাড়ি হারানো পরিবারগুলো আশ্রয় নিয়েছিল, সেখানে দোতলার কক্ষে বিয়ের আয়োজন করা হয়েছিল। আনন্দমুখর উৎসব মুহূর্তেই শোকে পরিণত হয়, যখন ইসরায়েলি যুদ্ধবিমান বোমা বর্ষণ করে।
আল জাজিরা উল্লেখ করেছে, বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থলে হামলার কোনো যৌক্তিক কারণ এখন পর্যন্ত আইডিএফ প্রকাশ করেনি। এর আগে, গত ১০ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তিন স্তরের শান্তি চুক্তির প্রথম ধাপে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়েছিল। এই যুদ্ধবিরতির মেয়াদ বর্তমানে শেষের দিকে।
যুদ্ধবিধ্বস্ত গাজায় সাধারণ মানুষ স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিল, কিন্তু আইডিএফ-এর এই হামলা নতুন আতঙ্ক ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১০ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনী প্রায় দেড় শতাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। বিশ্লেষকরা মনে করছেন, তুফাহ এলাকার এই বোমা হামলা সেই ধারাবাহিকতার অংশ।
গত দুই বছরে চলা এই যুদ্ধে ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। আন্তর্জাতিক মহলে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা