ইউক্রেনের কৃষ্ণ সাগর তীরবর্তী গুরুত্বপূর্ণ বন্দরনগরী ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নারী ও শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার পর ওডেসা অঞ্চলের বন্দর অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।
কুলেবার ভাষ্য অনুযায়ী, রুশ বাহিনী ওডেসার পিভদেন্নি বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার ফলে ঘটনাস্থলেই প্রাণহানি ঘটে এবং আহতদের দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
ওডেসা ইউক্রেনের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র এবং বৈশ্বিক শস্য রপ্তানির একটি গুরুত্বপূর্ণ রুট। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া একাধিকবার এই অঞ্চলের বন্দরগুলোকে লক্ষ্যবস্তু বানালেও সাম্প্রতিক হামলাটি ইউক্রেনের রপ্তানি ব্যবস্থার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, বন্দর ছাড়াও ওডেসার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করার উদ্দেশ্যেই হামলা জোরদার করছে রুশ বাহিনী। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়।
সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউক্রেনের নদীবন্দর রেনি এবং প্রতিবেশী দেশ মলদোভা ও রোমানিয়ার সীমান্তের সঙ্গে ওডেসার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে সামরিক ও বেসামরিক রসদ সরবরাহে নতুন করে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, ওডেসার তিনটি প্রধান বন্দরের ওপর নির্ভরশীল ইউক্রেনের শস্য ও পণ্য রপ্তানি ব্যবস্থাকে দুর্বল করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে। কৃষ্ণ সাগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান এই সংঘাতের প্রভাব ইতোমধ্যে বৈশ্বিক খাদ্য বাজারেও পড়তে শুরু করেছে।
এদিকে ইউক্রেন সরকার হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও কার্যকর আকাশ প্রতিরক্ষা সহায়তার আহ্বান জানিয়েছে।
সূত্র: রয়টার্স