সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

নাইজেরিয়ার প্লাটোতে খনি স্থাপনায় সশস্ত্র হামলা: নিহত ১২, অপহরণ ৩


প্রকাশ :

নাইজেরিয়ার প্লাটো রাজ্যের আতোসো গ্রামে একটি খনি স্থাপনায় সশস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। একই ঘটনায় তিনজনকে অপহরণ করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে সংঘটিত এ হামলার তথ্য স্থানীয় নেতাদের বরাতে বুধবার জানিয়েছে রয়টার্স।

প্রতক্ষ্যদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই খনি এলাকায় গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে। আহত আরও পাঁচজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেরোম ইয়ুথ মোল্ডার্স-অ্যাসোসিয়েশন (বিওয়াইএম)-এর প্রধান ডালিওপ সলোমন মাওয়ান্তিরি জানান, রাতের অন্ধকারে সশস্ত্র একটি দল খনি এলাকায় হানা দেয়। স্থানীয়দের ধারণা, হামলাকারীরা ফুলানি মিলিশিয়ার সদস্য।

দীর্ঘদিন ধরে চলমান জাতিগত ও ধর্মীয় উত্তেজনার প্রেক্ষাপটেই এই হামলা ঘটেছে বলে মনে করা হচ্ছে। শ্রমিকদের কর্মস্থল হওয়া সত্ত্বেও খনি স্থাপনাটি লক্ষ্য করে এমন হামলা এলাকাজুড়ে আতঙ্ক আরও বাড়িয়েছে।

নাইজেরিয়ার পুলিশ বিভাগের মুখপাত্র আলফ্রেড আলাবো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনা প্লাটো রাজ্যে চলমান নিরাপত্তা সংকটকে আবারও স্পষ্ট করে তুলেছে।

সরকারের শান্তি ফেরানোর আশ্বাসের পরও এলাকায় সহিংসতা থামছে না। সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা ও সাধারণ মানুষের ওপর হামলা স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করছে।

সূত্র: রয়টার্স