সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

মেসিকে সাড়ে ১৪ কোটির বিরল ঘড়ি উপহার দিলেন অনন্ত আম্বানি


প্রকাশ :

ভারত সফরটি লিওনেল মেসির জন্য শুরু থেকেই ছিল বিশেষ। কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই হয়ে দিল্লি সফর শেষ করার কথা থাকলেও শেষ মুহূর্তে পরিবর্তন আসে সূচিতে। দিল্লি থেকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার পৌঁছান গুজরাটের জামনগরে অবস্থিত বনতারায়।

ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির আমন্ত্রণেই বনতারায় যান মেসি। সেখানে তার উপস্থিতি ঘিরে নানা ছবি ও ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। বনতারায় পুজো দেওয়া, সিংহ দর্শনসহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতে দেখা যায় এলএম টেনকে, যা ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে।

তবে পুরো সফরের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় মেসিকে দেওয়া অনন্ত আম্বানির উপহার। বনতারায় অবস্থানকালে অনন্ত আম্বানি মেসিকে একটি বিরল ও অত্যন্ত মূল্যবান ঘড়ি উপহার দেন। মেসির সঙ্গে এই সফরে ছিলেন তার সতীর্থ রদ্রিগো দি পল ও লুইস সুয়ারেজ, পাশাপাশি অনন্ত আম্বানি ও তার স্ত্রী রাধিকা মার্চেন্টও উপস্থিত ছিলেন।

উপহার হিসেবে দেওয়া ঘড়িটি রিচার্ড মিলির ‘আরএম০০৩-ভি২ জিএমটিটি ট্যুরবিলিয়ন এশিয়া এডিশন’। আন্তর্জাতিক বাজারে এর আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৪ কোটিরও বেশি। বিশ্বজুড়ে এই মডেলের ঘড়ি রয়েছে মাত্র ১২টি। বনতারায় মেসির হাতে এই ঘড়ি দেখা যাওয়ার পর থেকেই তা নিয়ে আলোচনা তুঙ্গে।

অবশ্য বিলাসবহুল ঘড়ির সংগ্রহে মেসির নতুন এই সংযোজন একেবারে ব্যতিক্রম নয়। তার সংগ্রহে আগে থেকেই রয়েছে ১৮ ক্যারেট সোনায় তৈরি রোলেক্স লে ম্যান্স, রোলেক্স জিএমটি মাস্টার ২, অডেমার্স পিগেট রয়্যাল ওক ‘জাম্বো’ এক্সট্রা থিনসহ আরও একাধিক দামী ও দুর্লভ ঘড়ি।