সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

গাজায় ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৩০ জনের মরদেহ


প্রকাশ :

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা শহরের একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) গাজার সিভিল ডিফেন্সের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সিভিল ডিফেন্সের বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার উদ্ধারকর্মীরা সালেম নামে এক ফিলিস্তিনির পরিবারের সদস্যদের মরদেহ উদ্ধার করেন। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজার আল-রিমাল এলাকায় তাদের বাড়িতে চালানো ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হন।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই পরিবারের মোট ৬০ জন সদস্য হামলায় নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে এখনো অসংখ্য মরদেহ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে সিভিল ডিফেন্স প্রথম ধাপে এই বাড়িটিতে অনুসন্ধান অভিযান শুরু করে।

সংস্থাটি জানায়, খননযন্ত্রসহ প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি থাকলেও উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ৭০ হাজার ৭০০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। নিহতদের বড় অংশ নারী ও শিশু। এ সময় এক লাখ ৭১ হাজারের বেশি মানুষ আহত হন এবং গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে।