সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

২০২৫ সালে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরে নতুন রেকর্ড, সংখ্যা ছাড়াল ৩৪০


প্রকাশ :

২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত সৌদি আরবে মোট ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির ইতিহাসে এক বছরে এত বেশি সংখ্যক দণ্ড কার্যকরের ঘটনা আগে দেখা যায়নি। এর মাধ্যমে ২০২৪ সালের ৩৩৮ জনের আগের রেকর্ডও ভেঙে গেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি সৌদি সরকারের প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান জানিয়েছে। সর্বশেষ সোমবার মক্কা অঞ্চলে হত্যাকাণ্ডের দায়ে তিন সৌদি নাগরিকের দণ্ড কার্যকর করা হলে মোট সংখ্যা ৩৪০-এ পৌঁছায়।

বিশ্লেষকদের মতে, চলতি বছর মৃত্যুদণ্ডের সংখ্যা বেড়ে যাওয়ার প্রধান কারণ মাদকসংক্রান্ত অপরাধে সরকারের কঠোর অবস্থান। এ বছর যাদের সাজা কার্যকর হয়েছে, তাদের মধ্যে ২৩২ জনই মাদক মামলায় দোষী সাব্যস্ত ছিলেন, যা মোট সংখ্যার দুই-তৃতীয়াংশেরও বেশি।

মানবাধিকার সংগঠন ও বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা ২০২৩ সালে শুরু হওয়া সৌদি আরবের মাদকবিরোধী অভিযানের সঙ্গে সরাসরি সম্পর্কিত। বিশেষ করে ক্যাপটাগন নামের মাদক নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নিচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে এই মাদকের বড় বাজারগুলোর একটি সৌদি আরব।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য বলছে, ২০২২ সাল থেকে সৌদি আরব ধারাবাহিকভাবে বিশ্বে তৃতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশের তালিকায় রয়েছে, চীন ও ইরানের পরেই। সংস্থাটি ১৯৯০ সাল থেকে দেশটির মৃত্যুদণ্ড সংক্রান্ত তথ্য নথিভুক্ত করে আসছে এবং সাম্প্রতিক পরিস্থিতিকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে।

উল্লেখ্য, প্রায় তিন বছর বিরতির পর ২০২২ সালের শেষ দিকে সৌদি আরব মাদকসংক্রান্ত অপরাধে আবারও মৃত্যুদণ্ড প্রদান ও কার্যকর করা শুরু করে।

সূত্র: মিডল ইস্ট মনিটর