ডোনাল্ড ট্রাম্প দুই মাস আগে যে শান্তি সমঝোতা করিয়েছিলেন, সেটি আবারও বিপর্যয়ের মুখে। সিএনএন জানিয়েছে, সোমবার কম্বোডিয়ার ভেতরে বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। উত্তেজনা কয়েক সপ্তাহ ধরে বাড়ছিল, সোমবার সকাল থেকে দুই দেশই একে অপরকে সীমান্ত লঙ্ঘন ও হামলার অভিযোগ করছে।
থাই সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, নিজেদের একজন সেনা নিহত হওয়া ও দুজন আহত হওয়ার পর প্রতিশোধ হিসেবে কম্বোডিয়ার সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। তাঁর দাবি, কম্বোডিয়ার আগের হামলা থাইল্যান্ডের আনুপং ঘাঁটিকে লক্ষ্য করে ছিল।
থাই মেজর জেনারেল উইনথাই সুভারি জানান, চং আন মা পাস এলাকার অস্ত্র সহায়তাকারী অবস্থানগুলো টার্গেট করা হয়। তাঁর বক্তব্য, এই এলাকা থেকে থাইল্যান্ডের দিকে হামলা চালানো হয়েছিল।
সময়ের বর্ণনায় দুই পক্ষের বক্তব্য বিপরীত। থাই সেনাবাহিনী বলছে, স্থানীয় সময় রাত ৩টায় কম্বোডিয়া সীমান্তে হামলা শুরু করে। কিন্তু কম্বোডিয়ার বিবৃতি বলছে, ভোর ৫টায় থাইল্যান্ড প্রথমে আক্রমণ চালায়।
কম্বোডিয়া অভিযোগ করেছে, দীর্ঘদিনের উত্তেজনা ও থাই বাহিনীর উসকানিমূলক পদক্ষেপের পর পরিস্থিতি এই দিকে গড়িয়েছে।
গত জুলাইয়ে একই সীমান্তে পাঁচ দিনের সংঘাতে উভয়পক্ষের প্রাণহানি ঘটে এবং বিপুলসংখ্যক মানুষকে সরিয়ে নিতে হয়। তখন ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।
পরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ট্রাম্প ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে যুদ্ধবিরতি চুক্তি বাড়ানো হয়। কিন্তু সেই সমঝোতা টেকেনি। দুই দেশ আবার নতুন করে সংঘাতে জড়িয়ে পড়েছে।