শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

জি-২০ শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণ নিষিদ্ধ করলেন ট্রাম্প


প্রকাশ :

জি–২০ শীর্ষ সম্মেলনকে ঘিরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের জি–২০ সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানানো হবে না। আগামী বছর মায়ামির ট্রাম্প ন্যাশনাল ডোরাল গলফ রিসোর্টে এই সম্মেলন আয়োজিত হওয়ার কথা।

ট্রাম্পের দাবি, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, আর সেই পরিস্থিতিকে দক্ষিণ আফ্রিকার সরকার গুরুত্ব দিচ্ছে না। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি লেখেন, দক্ষিণ আফ্রিকা এমন আচরণ করছে যা কোনো আন্তর্জাতিক সংগঠনের সদস্য হওয়ার যোগ্যতার সঙ্গে যায় না।

বর্তমান বছর জোহানেসবার্গে অনুষ্ঠিত জি–২০ বৈঠকের পর দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে সভাপতি পদ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না করার ঘটনাও এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে ধারণা করছে আন্তর্জাতিক মহল। ট্রাম্প বলেন, আফ্রিকানারসহ ইউরোপীয় বংশোদ্ভূত শ্বেতাঙ্গদের ওপর আক্রমণ ও জমি দখলের ঘটনা নিয়ে দক্ষিণ আফ্রিকার সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।

এর আগেও ট্রাম্প প্রশাসন দক্ষিণ আফ্রিকায় কথিত শ্বেতাঙ্গ নিপীড়নের অভিযোগ তুলেছিল, যা দক্ষিণ আফ্রিকার সরকার অস্বীকার করে। সে সময় প্রেসিডেন্ট সিরিল রামাফোসার দপ্তর ট্রাম্পের মন্তব্যে দুঃখ প্রকাশ করে।

চলতি বছর জি–২০ সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেয়নি। ওয়াশিংটন জানিয়েছিল, দক্ষিণ আফ্রিকার বাণিজ্য নীতি ও জলবায়ু অগ্রাধিকার যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এরপরই রামাফোসা প্রচলিত নিয়মে জি–২০ সভাপতিত্ব যুক্তরাষ্ট্রকে হস্তান্তর না করার সিদ্ধান্ত নেন।

বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর সমন্বয়ে গঠিত জি–২০–এর ২০২৬ সালের বৈঠক ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হওয়ার কথা। স্থানটি ট্রাম্প পরিবারের মালিকানাধীন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড