আফগানিস্তানের খোস্ত প্রদেশে গভীর রাতে একটি বাড়িতে সীমান্তপারের বিমান হামলার ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তালেবান প্রশাসন। তাদের দাবি, হামলাটি পাকিস্তান থেকে পরিচালিত হয়েছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্তের গরবুজ এলাকায় স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। এতে নয় শিশু এবং একজন নারী ঘটনাস্থলেই প্রাণ হারায়। বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও তিনি জানান।
মুজাহিদ আরও বলেন, একই রাতে কুনার ও পাকতিকা প্রদেশের দিকেও আকাশপথে হামলার অভিযোগ পাওয়া গেছে। ওইসব স্থানে অন্তত চারজন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি।
এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।