মালয়েশিয়া তাদের ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে শাস্তির মেয়াদ শেষ করা বিদেশিদের এক দফা প্রত্যাবাসন সম্পন্ন করেছে। এবার জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ডিপো থেকে ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ নভেম্বরের তৃতীয় সপ্তাহে এ প্রক্রিয়া শেষ করে।
জোহর ইমিগ্রেশন বিভাগের সাম্প্রতিক এক ঘোষণা অনুযায়ী, ফেরত পাঠানোদের মধ্যে বাংলাদেশের নাগরিক ছাড়াও ছিলেন ইন্দোনেশিয়ার ২৪ জন, নেপালের ১২ জন, পাকিস্তানের ৯ জন, কম্বোডিয়া ও ভারতের ৪ জন করে, চীনের ৩ জন এবং লাওস, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের ২ জন করে নাগরিক।
তাদের কেএলআইএ–১, কেএলআইএ–২, সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর, সুলতান ইস্কান্দার কমপ্লেক্স ও স্টুলাং লাউট ফেরি টার্মিনাল ব্যবহার করে নিজ দেশে পাঠানো হয়।
ফেরার ভ্রমণ ব্যয় এসেছে ব্যক্তিগত সঞ্চয়, পরিবার–পরিজনের সহায়তা এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দূতাবাসের ব্যবস্থাপনায়।
জোহর ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, সাজা শেষ হওয়া বিদেশিদের অতিরিক্ত অবস্থান ঠেকাতে নিয়মিতভাবেই এমন প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হয়।