রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ইরাকে সংসদ নির্বাচন শেষ, ভোটগণনা চলছে


প্রকাশ :

ইরাকে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোটগণনার কাজ। এবারের নির্বাচনে দেশটির প্রায় ৪ কোটি ৬০ লাখ নাগরিক ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান, যার দিকে নজর রাখছে আঞ্চলিক শক্তি ইরান ও যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১১ নভেম্বর) সারাদেশে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শেষ হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ভোট দিয়েছে প্রায় ১ কোটি ৯ লাখের বেশি সাধারণ ভোটার। এছাড়া রোববার বিশেষ ব্যবস্থায় প্রায় ১০ লাখেরও বেশি সামরিক ও নিরাপত্তা কর্মী আগাম ভোট দেন।

সব মিলিয়ে ২ কোটি ১৪ লাখেরও বেশি নিবন্ধিত ভোটারের মধ্যে ভোট পড়েছে ৫৫ শতাংশের বেশি। নির্বাচন কমিশন জানায়, প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং এখন চলছে ফলাফল গণনা।

ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি নির্বাচনের সফল আয়োজনের জন্য জনগণকে ধন্যবাদ জানিয়ে এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, “আমাদের সাহসী জনগণ গণতন্ত্রকে আরও দৃঢ় করেছে, যা আমাদের স্থিতিশীলতা ও উন্নতির পথে এগিয়ে নেবে।”

তিনি আরও বলেন, এই নির্বাচন ইরাকের গণতান্ত্রিক কাঠামোকে আরও সুসংহত করেছে এবং সরকারের অন্যতম বড় অঙ্গীকার পূর্ণ হয়েছে।

এবারের নির্বাচনে মোট ৭ হাজার ৭৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী প্রার্থী আছেন ২ হাজার ২৪৭ জন।

বর্তমান সংসদ ২০২২ সালের ৯ জানুয়ারি কার্যকাল শুরু করে, যা চার বছর মেয়াদি। আইন অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার অন্তত ৪৫ দিন আগে নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে হয়।

উল্লেখ্য, ইরাকের ক্ষমতার ভারসাম্য ঐতিহ্যগতভাবে তিন প্রধান সম্প্রদায়ের মধ্যে ভাগ করা— প্রেসিডেন্ট পদ কুর্দিদের হাতে, প্রধানমন্ত্রী শিয়াদের এবং সংসদের স্পিকার পদ সুন্নিদের হাতে।