রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

লিসবনে বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট’ শুরু


প্রকাশ :

পর্তুগালের রাজধানী লিসবনে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট ২০২৫’। সোমবার (১০ নভেম্বর) থেকে শুরু হওয়া এই আয়োজন প্রযুক্তি, উদ্ভাবন ও স্টার্টআপ জগতের এক বিশাল মিলনমেলায় পরিণত হয়েছে।

এবারের সম্মেলনে অংশ নিয়েছেন ৭০ হাজারেরও বেশি প্রতিনিধি, ২ হাজার ৫০০ স্টার্টআপ, ৯০০ বক্তা ও এক হাজারের বেশি বিনিয়োগকারী। মূল আলোচনার কেন্দ্রবিন্দু— কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ভবিষ্যতের অর্থনীতি এবং প্রযুক্তি উদ্ভাবনের নতুন দিগন্ত।

ওয়েব সামিটের প্রতিষ্ঠাতা প্যাডি কসগ্রাভ উদ্বোধনী ভাষণে বলেন, “প্রযুক্তির নেতৃত্ব এখন কেবল পশ্চিমে সীমাবদ্ধ নয়; চীন ও ইউরোপের পূর্বাঞ্চল নতুন করে বিশ্ব উদ্ভাবনের মানচিত্র বদলে দিচ্ছে।” তিনি উল্লেখ করেন, পোল্যান্ড বর্তমানে ইউরোপের দ্রুততম বর্ধনশীল স্টার্টআপ কেন্দ্র।

লিসবন সিটি করপোরেশনের প্রেসিডেন্ট কার্লোস মোয়েদা জানান, শহরে ইতোমধ্যে ১৬টি ইউনিকর্ন গড়ে উঠেছে, এবং এ সপ্তাহেই নতুন আরেকটি ইউনিকর্নের ঘোষণা আসছে। তার ভাষায়, “প্রযুক্তি, সংস্কৃতি ও সামাজিক উদ্ভাবনের মিলনে লিসবন এখন নতুন প্রজন্মের প্রেরণার কেন্দ্র।”

পর্তুগালের রাষ্ট্র সংস্কার মন্ত্রী গনসালো মাতিয়াস বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যৎ নয়, এটা এখন বর্তমানের অর্থনৈতিক চালিকাশক্তি।” তিনি জানান, দেশটি নিজস্ব ক্লাউড অবকাঠামো ও ডাটা সেন্টার নির্মাণ করছে এবং স্কুল পর্যায়ে প্রতিটি শিশুর জন্য ডিজিটাল টিউটর প্রবর্তনের উদ্যোগ নিয়েছে।

তিন দিনব্যাপী এই সম্মেলনে বক্তব্য দেবেন টেসলার ইলন মাস্ক, ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান, বিশ্বখ্যাত কনটেন্ট ক্রিয়েটর খাবি ল্যামসহ বিশ্বের বহু প্রভাবশালী প্রযুক্তি ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

‘ওয়েব সামিট ২০২৫’ চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত, যেখানে প্রযুক্তি জগতের পরবর্তী দিকনির্দেশনা নির্ধারণে জমবে বিশ্বব্যাপী আলোচনার আসর।