মিসরের এক পরিবারের তিন ভাইবোন একইসঙ্গে হজের লটারি জিতে দারুণ আলোচনায়। ২০২৬ সালের হজে অংশ নিতে লটারির মাধ্যমে তাদের নাম ঘোষণার পর আনন্দে আবেগে ভেসে যায় পরিবারটি।
রাজধানী কায়রোয় অনুষ্ঠিত হজ লটারির ফল ঘোষণার সময় প্রথমে এক বোনের নাম ঘোষণা করা হয়। এরপর বড় ভাইয়ের নাম আসতেই তিনি আবেগে সিজদায় পড়ে যান। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় বোনের নাম উচ্চারণ করা হলে আনন্দে কেঁদে ফেলেন তিন ভাইবোন ও তাদের স্বজনরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মুহূর্তে পুরো অনুষ্ঠানস্থল আবেগে ভরে ওঠে। উপস্থিত সবাই তাকিয়ে ছিলেন এক পরিবারের এমন বিরল সৌভাগ্যের দৃশ্যের দিকে।
মিসরে প্রতি বছর সীমিতসংখ্যক মানুষকে লটারির মাধ্যমে হজে যাওয়ার সুযোগ দেওয়া হয়। লাখো আবেদনকারীর মধ্যে একই পরিবারের তিন সদস্যের নাম পরপর উঠে আসাকে স্থানীয়রা ‘অলৌকিক সৌভাগ্য’ বলেই মনে করছেন।
২০২৬ সালে তারা প্রায় ৫০ হাজার মিসরীয় হজযাত্রীর সঙ্গে পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশে রওনা হবেন।
সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন