রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

মালয়েশিয়া-থাই সমুদ্রসীমায় নৌকাডুবি: বাংলাদেশিসহ ৯০ অভিবাসী নিখোঁজ


প্রকাশ :

মালয়েশিয়া ও থাইল্যান্ডের সমুদ্রসীমায় অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। মিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। নৌকাটিতে ছিলেন প্রায় ৯০ জন যাত্রী—যাদের মধ্যে বাংলাদেশি, মিয়ানমারের নাগরিক ও রোহিঙ্গা শরণার্থী রয়েছেন।

রবিবার (৯ নভেম্বর) দেশটির গণমাধ্যম মালয়মেইল মালয়েশীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া মিয়ানমারের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

কেদাহ রাজ্যের পুলিশ প্রধান দাতুক আদজিল আবু শাহ জানান, মোট প্রায় ৩০০ অভিবাসনপ্রত্যাশী এই যাত্রায় অংশ নিয়েছিলেন। শুরুতে সবাইকে একটি বড় জাহাজে তোলা হয়, পরে মানবপাচারকারীরা তাদের তিনটি ছোট নৌকায় ভাগ করে দেয়—প্রতিটি নৌকায় প্রায় ৯০ জন করে ছিলেন।

এর মধ্যে একটি নৌকা ডুবে গেছে, বাকি দুটি নৌকার কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে তিনজন মিয়ানমারের নাগরিক, দুইজন রোহিঙ্গা এবং একজন বাংলাদেশি বলে জানা গেছে।

আদজিল আরও জানান, প্রায় এক মাস আগে তারা যাত্রা শুরু করেন এবং প্রত্যেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা করে দিয়েছেন। নিখোঁজদের সন্ধান ও অন্য দুটি নৌকার অবস্থান শনাক্তে অভিযান চলছে।

সূত্র: মালয়মেইল