বর্তমান প্রজন্মের শিশু-কিশোররা হাতে ফোন পেলেই খাওয়াদাওয়া ভুলে যায়, আর অনলাইনের অতিরিক্ত ব্যবহার তাদের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ডেনমার্ক সরকার নতুন নীতি আনার পরিকল্পনা করছে, যাতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য বয়সসীমা নির্ধারণ করা হবে।
শুক্রবার (৭ নভেম্বর) দেশটির সরকার জানায়, তারা নির্দিষ্ট কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশের ন্যূনতম বয়স ১৫ বছর করার চেষ্টা করছে। এই নিয়মে অপ্রাপ্তবয়স্কদের অনলাইন নিরাপত্তা জোরদার হবে। তবে বিশেষ পরিস্থিতিতে বাবা-মা চাইলে ১৩ বছর বয়স থেকে সন্তানকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিবন্ধন করার অনুমতি দেওয়া যাবে।
ডিজিটাল মন্ত্রণালয় বলেছে, এই পদক্ষেপ শিশুদের বিশ্রাম, খেলা ও ব্যক্তিগত বিকাশের জন্য আরও সময় দেবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোফাইল তৈরি করার আগে তাদের ঝুঁকি সম্পর্কে সচেতন করা হবে।
যদিও এখনো এই নিয়ম পরিকল্পনার পর্যায়ে রয়েছে, কবে এটি কার্যকর হবে বা কোন প্ল্যাটফর্মগুলোতে প্রযোজ্য হবে তা এখনও নিশ্চিত হয়নি। ধারণা করা হচ্ছে, এটি প্রধান ও বড় প্ল্যাটফর্মগুলোকে লক্ষ্য করবে।
এটি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রথমবারের মতো এমন সীমাবদ্ধতা আরোপের পথে ডেনমার্ককে এগিয়ে আনবে। এ ধরনের নিয়ম ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় চালু আছে, যেখানে ১৬ বছরের নিচে তরুণরা টিকটক, স্ন্যাপচ্যাট, ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবে না। ডেনমার্ক হতে যাচ্ছে দ্বিতীয় দেশ যারা এই নিয়ম প্রবর্তন করবে।