মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

বাংলাদেশে এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের প্রত্যাশা জাপানের, ‘বিগ-বি’তে ঐকমত্য


প্রকাশ : (২ ঘন্টা আগে)
বাংলাদেশে এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের প্রত্যাশা জাপানের, ‘বিগ-বি’তে ঐকমত্য

আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানি বেসরকারি খাত থেকে প্রায় এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের প্রত্যাশা করছে জাপান। একই সঙ্গে বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল বা ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নিতে ঐকমত্যে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাপানের রাজধানী টোকিওতে দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সানায়ে তাকাইচি।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরীয় অঞ্চলের উন্নয়নে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে, এ অঞ্চলে সরবরাহব্যবস্থার সংযোগ জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কাজ করছে জাপান। দুই দেশের সহযোগিতার অন্যতম ভিত্তি হিসেবে ‘বিগ-বি’ উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা।

তিনি জানান, নতুন কৌশলগত সহযোগিতা উদ্যোগের আওতায় বাংলাদেশ ও জাপান আঞ্চলিক যোগাযোগব্যবস্থা, অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করবে।

এ উদ্যোগের চারটি প্রধান স্তম্ভের কথা তুলে ধরেন সানায়ে তাকাইচি। এগুলো হলো যোগাযোগব্যবস্থার সংযোগ জোরদার, দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি, সরকারি ও বেসরকারি উদ্যোগে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও শান্তি-স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে দুই দেশ অভিন্ন সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে এগিয়ে যেতে চায়।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা জাপানের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দুই দেশ এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে পারে।

এর আগে জাপানি সংবাদমাধ্যম নিক্কেই বাংলাদেশে আগামী পাঁচ বছরে দেশটির বেসরকারি খাত থেকে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের পরিকল্পনার খবর প্রকাশ করে। বার্তা সংস্থা রয়টার্সও গত ২২ অক্টোবর এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

তবে এই বিনিয়োগ এখনো প্রত্যাশিত ও পরিকল্পনার পর্যায়ে রয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

বিজ্ঞাপন