ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পক্ষে সাফাই গেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু করেছে ইরান। একই সঙ্গে আগের যুদ্ধবিরতিকে ‘সময়ের অপচয়’ বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এসব কথা বলেন। এ সময় তিনি রিপাবলিকান পার্টির এক আইনপ্রণেতার বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, ‘ইরানের সঙ্গে আমরা যুদ্ধ শুরু করিনি। ইরানই আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করেছে।’
সামরিক অভিযানের অর্থনৈতিক প্রভাব নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, অভিযানের কারণে তেলের দাম আরও অনেক বেড়ে যেতে পারে বলে তিনি ধারণা করেছিলেন। তবে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে তিনি প্রস্তুত ছিলেন বলে দাবি করেন।
ট্রাম্প বলেন, ‘আমি এই পদক্ষেপ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম। কারণ, আমাদের সামনে আসলে আর কোনো বিকল্প ছিল না। এটা অনেক আগেই করা উচিত ছিল।’
ইরানের সঙ্গে আগের যুদ্ধবিরতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ওই যুদ্ধবিরতি তাঁর কখনোই খুব একটা পছন্দ ছিল না। ট্রাম্পের ভাষায়, ‘আমরা ভালো আচরণ করতে চাই। কিন্তু আমার বিবেচনায়, এটা ছিল নিছক সময়ের অপচয়।’
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। তাঁর দাবি, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যেগুলো ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো ও লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন শহরে হামলা চালানো সম্ভব বলেও দাবি করেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলোতে হামলা চালায় ইরান।
পাকিস্তানের মধ্যস্থতায় গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি হয়। প্রথমে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও পরে এর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়। তবে যুদ্ধবিরতির মধ্যেও বিশেষ করে হরমুজ প্রণালি অঞ্চলে দুই পক্ষের মধ্যে হামলা ও উত্তেজনা অব্যাহত ছিল। পরে গত ৮ জুলাই যুদ্ধবিরতির অবসান ঘোষণা করেন ট্রাম্প।
সূত্র: আল-জাজিরা