সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্যোক্তাদের জন্য ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা


প্রকাশ : (১২ ঘন্টা আগে)
ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্যোক্তাদের জন্য ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা

ব্যাংক ঋণের উচ্চ সুদহারের কারণে উদ্যোক্তাদের আর্থিক চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ প্যাকেজের আওতায় স্বল্প সুদে অর্থায়নের সুযোগ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

শুক্রবার (২ অক্টোবর) রাজশাহী নগরের ভেড়িপাড়া মোড় এলাকার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি খাতে গতি সঞ্চার করতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

গভর্নর বলেন, বর্তমানে ব্যাংকঋণের সুদহার প্রায় ১২ থেকে ১৪ শতাংশ। এত উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে সফল হওয়া উদ্যোক্তাদের জন্য কঠিন। তাই তাদের আর্থিক চাপ কমাতে বিভিন্ন প্রণোদনা প্যাকেজের মাধ্যমে স্বল্প সুদে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, তরুণদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে ‘উদ্যোগ’ নামে একটি বিশেষ স্কিম চালুর পরিকল্পনা করা হয়েছে। এর আওতায় দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা নির্বাচন করে মোট ৫ হাজার তরুণ উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্য রয়েছে। বর্তমানে স্কিমটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং আগামী নভেম্বর থেকে এর কার্যক্রম শুরু হবে।

কৃষকদের ঋণপ্রাপ্তি সহজ করার বিষয়ে গভর্নর বলেন, ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে প্রকৃত ও প্রান্তিক কৃষকদের সুবিধা দিতে প্রচলিত জমি বা স্থাবর সম্পত্তির পরিবর্তে বিকল্প জামানত ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এতে কৃষকদের অর্থায়ন পাওয়ার সুযোগ বাড়বে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে উত্তরবঙ্গের কৃষিপণ্যের উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি—প্রতিটি ধাপকে কার্যকর করতে হবে। এ লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ব্যবসায়ী ও চেম্বার নেতারা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার।

 
 
 
বিজ্ঞাপন