রংপুর বিভাগে বাড়ছে ডেঙ্গু জ্বরের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে বিভাগের ৮ জেলায় ৭৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছে এক জন রোগী। নিহতের নাম রুমি বেগম (৩৫) রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা।টানা দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার রাতে মৃত্যু হয়।বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২৬ জন রোগী। শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। রংপুর বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট জন।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় পাঁচজন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দুইজন এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রুমি বেগম গত সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুক্রবার রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের পরিবার জানিয়েছে, একমাসে ঢাকা থেকে তাদের আত্মীয় স্বজনেরা বেড়াতে এসেছিলেন। তাদের সেবাযত্ন করেন রুমি। স্বজনেরা ঢাকা ফিরে যাওয়ার ১৫ দিন পর জ্বরে অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসায় সুস্থ না হওয়ায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে তিনদিন থাকার পর গত সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।পাচ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গত ২৪
ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে আরও ৭৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।রংপুরে ৩২ জন, দিনাজপুরে ৪, নীলফামারীতে ১৩, লালমনিরহাটে ১০, গাইবান্ধায় ৩ ও ঠাকুরগাঁওয়ে ১৩ জন রোগী রয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মিডিয়া সেলের তথ্য মতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার (৩ অক্টোবর) সকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫২২ জন। এরমধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন দুই হাজার ২৮৮ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২৬ জন রোগী।