রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে ৭০০ থেকে প্রায় ১ হাজার টাকা বেশি দামে। ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার এখন ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
ভোক্তাদের অভিযোগ, শুধু বাড়তি দামই নয়, কোথাও কোথাও ২ হাজার ৫০০ টাকা দিয়েও মিলছে না এলপিজি। ফলে রান্নার অন্যতম প্রধান এই জ্বালানি কিনতে গিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
সেপ্টেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকারি নির্ধারিত দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। সেই হিসাবে বর্তমান বাজারদর সরকার নির্ধারিত মূল্যের চেয়ে সর্বোচ্চ ৯১৫ টাকা বেশি।
তবে ব্যবসায়ীদের দাবি, পরিবেশক ও ডিলারদের কাছ থেকে বেশি দামে এলপিজি কিনতে হচ্ছে। এ কারণে সরকার নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রি করা সম্ভব হচ্ছে না।
এদিকে দেশে এলপিজির সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তার দাবি, কৃত্রিম সংকট তৈরি করে কেউ অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সরকার বলছে সরবরাহে ঘাটতি নেই, ব্যবসায়ীরা বলছেন বেশি দামে কিনতে হচ্ছে। এর মধ্যেই বাজারে ১২ কেজির সিলিন্ডারের দাম ঠেকেছে ২ হাজার ৫০০ টাকায়। ফলে এলপিজির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ নিয়ে প্রশ্ন উঠেছে ভোক্তাদের মধ্যে।