স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩ রংপুর গত ৪৮ ঘন্টার অভিযান নিয়ে সংবাদ সম্মেলন করে জানিয়েছে রংপুরে সরকারী কর্মকর্তা পরিচয় দিয়ে আর্থিক প্রতারণা চক্রের দুইজনসহ মোট গ্রেফতার ৯জন, একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন ও মাদক সামগ্রী জব্দকরা হয়েছে।
এসআরবি-১৩ রংপুর সদর দপ্তরের কনফারেন্স রুমে গতকাল শনিবার বেলা পৌনে ১২ টায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এসআরবি-১৩ এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর কাওছার বাধন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় সরকারী কর্মকর্তা পরিচয় দিয়ে আর্থিক প্রতারণা চক্রের দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গ্রেফতারকৃতরা হলো গোবিন্দগঞ্জ থানার বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামের আইদুল হোসেনের ছেলে সোহেল মন্ডল(২৭) এবং হাসেম আলীর ছেলে হেলাল ইসলাম(২২)। প্রাপ্ত অভিযোগে জানা গেছে গত ২০ জুলাই দুপুরে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আমিনুল ইসলামের ব্যক্তিগত মোবাইল ফোনে জানানো হয় যে, তার ছোট ছেলে তামিম আল মাহী কয়েকজন বন্ধুসহ মাদক নিয়ে পুলিশের হাতে আটক হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে আমিনুল ইসলামের ছেলের কন্ঠে কথা বলে তার বিশ্বাস অর্জন করে প্রতারকচক্র। প্রতারকরা জানায় যে, তার ছেলেকে ছাড়াতে হলে তাদেরকে টাকা দিতে হবে। পরবর্তীতে, তাদের চাহিদা মোতাবেক আমিনুল ইসলাম দুইবারে মোট ৪০হাজার টাকা নগদের মাধ্যমে প্রদান করে। টাকা প্রদানের পরে তিনি তার ছেলের সাথে সরাসরি যোগাযোগ করলে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। তিনি অজ্ঞাত প্রতারক কর্তৃক প্রতারণার শিকার হয়ে নিজে বাদী হয়ে নাটোর সদর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। এই ঘটনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গোয়েন্দা তৎপরতা এবং প্রতারক চক্রটিকে শনাক্ত ও গ্রেফতারে কার্যক্রম শুরু করে। এরইপ্রেক্ষিতে গত ২৫ সেপ্টেম্বরশুক্রবার সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধার একটি আভিযানিক দল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে এই প্রতারক চক্রের আসামী দু’জনকে নিজ নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯ টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট এবং নগদ ১৪ হাজার ১’শ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা এ ধরণের প্রতারণার সাথে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে।
এছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়, এসআরবি-১৩গত ৪৮ ঘন্টায় গাইবান্ধায় একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ। রংপুর নগরীর তাজহাটে অটোরিকশা গ্যারেজ মালিক হত্যা মামলার একজন আসামি, রংপুরের পীরগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি, ঠাকুরগাঁওয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপ সহ দুইজন, কুড়িগ্রামে মাদক মামলায় ছয়বছর সাজাপ্রাপ্ত একজন আসামি, দিনাজপুরের ঘোড়াঘাটে ধর্ষণ মামলার প্রধান আসামি, ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামিসহ মোট ৯জনকে গ্রেফতার এবং রংপুরের গংগাচড়া এলাকা থেকে একটি দেশীয় পিস্তল জব্দ করা হয়।সংবাদ সম্মেলনে এসআরবি-১৩’র সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীসহ উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নতুন এলাকা নিয়ে বাড়ছে লালমনিরহাট পৌরসভার পরিধি
১০ ঘন্টা আগে