জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, তেল-গ্যাস-বিদ্যুৎ সংকট এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করেছে রাষ্ট্রনীতি বিষয়ক প্ল্যাটফর্ম ডেমোক্রেটিক বাংলাদেশ মুভমেন্ট (ডিবিএম)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ডিবিএমের সভাপতি ম. আ. কাশেম মাসুদ। সংগঠনের সেক্রেটারি আবুল কালাম আজাদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সমাবেশে বক্তারা বলেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি ও বিদ্যুৎ সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তারা দ্রুত এসব সংকট মোকাবিলা করে জনদুর্ভোগ কমাতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নিয়ে ডিবিএমের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন। বক্তব্য দেন নৈতিক সমাজের সভাপতি মেজর জেনারেল (অব.) আ. ম. সা. আমীন, দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মো. আজম খান, সোশ্যাল জাস্টিস ফোরামের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ শোয়েব, গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সামাজিক আন্দোলনের নেতা খন্দকার শরীফ, সম্মিলিত গণতান্ত্রিক দল (ইউডিপি) চেয়ারম্যান গাজী মোস্তাফিজুর রহমান এবং সুন্দর পৃথিবীর স্বপ্নের সভাপতি শাহাদাত হোসেন।
এ ছাড়া ৭১-এর গেরিলা লিডার ও সমাজসেবক শফিকুল ইসলাম কানু, ডিবিএমের সহসভাপতি ড. সাইদুর রহমান সেলিম, ডিবিএম নেতা রবীন্দ্রনাথ, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, গণসংস্কৃতি সংঘের নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ অন্তর, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী জামিল জুয়েল, সমাজসেবক অ্যাডভোকেট এলিজা রহমান এবং জুলাই যোদ্ধা শামিম আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।
বক্তারা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, তেল-গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সমাপনী বক্তব্যে ডিবিএমের সভাপতি ম. আ. কাশেম মাসুদ আশা প্রকাশ করেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনদুর্ভোগ নিরসনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
নতুন এলাকা নিয়ে বাড়ছে লালমনিরহাট পৌরসভার পরিধি
১০ ঘন্টা আগে