রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

পঞ্চগড়ে আনসার ভিডিপি কর্মকর্তা ও ইউনিয়ন লিডারদের সাথে মতবিনিময় সভা


প্রকাশ : (১ ঘন্টা আগে)
পঞ্চগড়ে আনসার ভিডিপি কর্মকর্তা ও ইউনিয়ন লিডারদের সাথে মতবিনিময় সভা

পঞ্চগড়ে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক ও ইউনিয়ন লিডারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় পঞ্চগড় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সংকটকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সক্রিয়ভাবে কাজ করেছে। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাহিনীটি জনমনে আস্থা সৃষ্টি করেছে। দেশ বিনির্মাণে তৃণমূল পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

মতবিনিময় সভায় পঞ্চগড় জেলার উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, ইউনিয়ন ভিডিপি দলনেতা ও দলনেত্রী, পৌর ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী, উপজেলা আনসার কমান্ডার, সহকারী আনসার কমান্ডার, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী প্লাটুন কমান্ডারসহ বিভিন্ন পদবির ভাতাভোগী সদস্যরা অংশ নেন।

এ সময় স্বেচ্ছাসেবী সদস্যরা তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা রেঞ্জের উপমহাপরিচালকের কাছে তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে সমস্যাগুলো শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সভায় আসন্ন দুর্গাপূজা ও স্থানীয় সরকার পরিষদের বিভিন্ন নির্বাচনে দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সদস্যদের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কৃষিকাজ, মৎস্য চাষ, গবাদিপশু, ছাগল ও ভেড়া পালন এবং পোল্ট্রি খামারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এ ছাড়া নিজ নিজ এলাকায় মাদক নির্মূলে সচেষ্ট থাকার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে কাজ করার জন্য সদস্যদের নির্দেশ দেন উপমহাপরিচালক।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পঞ্চগড়ের জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. সানোয়ারুল আলম, দেবীগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. হারুন অর রশীদ, বোদা উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোছা. ফরিদা বেগম, তেঁতুলিয়া উপজেলা প্রশিক্ষক মো. এরশাদুজ্জামান, পঞ্চগড় সদর উপজেলা প্রশিক্ষক মো. শরিফুল ইসলামসহ ইউনিয়ন কমান্ডার ও ব্যাটালিয়নের সদস্যরা।

সভাটি সঞ্চালনা করেন পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা।

বিজ্ঞাপন