রংপুরে জ্বালানী, বিদ্যুৎ, মূল্যস্ফীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সিটি পার্ক মার্কেট প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমী।
বক্তব্য রাখেন, জেলা সভাপতি গোলাম মোস্তফা বাবু, সাংগঠনিক সম্পাদক মুহাঃ লিয়াকত বিন সিদ্দিক, মহানগরের সেক্রেটারী মাহমুদুর রহমান রিপন সরকার, সহ-সভাপতি মুফতি সালেহ উদ্দিনসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশে জ্বালানী, বিদ্যুতের সংকট চরম আকার ধারণ করেছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জন-জীবনে অস্বস্তি বেড়েছে। ছোট ছোট কারখানা বন্ধ হয়ে গেছে। বর্তমান সরকার নির্বাচনের আগে অঙ্গীকার করেছিলেন দেশের বেকার সমস্যা দূর করবেন। কিন্তু তেল-গ্যাসের অভাবে দেশে বিপুল সংখ্যক মানুষ বেকার হয়ে গেছে। এতে করে দেশে অপরাধ প্রবণতা বাড়ছে। আর একটি দল তেল-গ্যাসের সংকটের প্রতিবাদে লং মার্চ করে দেশের সম্পদ তেল-গ্যাস অপচয় করছে। অথচ সংসদে তারা সরকারী দলকে কিছুই বলছে না।
বক্তারা আরও বলেন, সরকার সম্পত্তি বন্টন নিয়ে একটি আইন পাস করেছে। এটি ইসলামী শরীয়াহর সাথে সাংঘর্ষিক। শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশে শরীয়াহ বিরোধী আইন বাস্তবায়ন হতে পারে না।প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলে এ সরকারের পতন ঘটাবো। এরপর নেতাকর্মীদের অংশ গ্রহণে একটি বিক্ষোভ মিছিল সিটি পার্ক মাকের্ট থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতাকর্মীরা তেল-গ্যাসের সংকট নিরসনের নানা শ্লোগান দিতে পারেন। সেই সাথে ইসলামী শরিয়াহ বিরোধীদের বিরুদ্ধে হুঁশিয়ারী দেন।