সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়ায় ঘটনাটি হত্যাকাণ্ড কি না, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা বেশিরভাগ সময় বন্ধ থাকত। নিহত নারী ও পুরুষ স্বামী-স্ত্রী পরিচয়ে সেখানে ভাড়া থাকতেন বলে জানা গেছে। শুক্রবার রাতে কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ কক্ষের দরজা খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, পুরুষের গলায় গামছা পেঁচানো ছিল। ফলে এটি স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক টিম।
আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই রাসেল হোসেন বলেন, তিনজনের মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে তালাবদ্ধ কক্ষ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতরা স্বামী-স্ত্রী বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় ও ঠিকানা শনাক্তের কাজ চলছে।