মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রাজীবের মা জান্নাতুল ফেরদৌস। তিনি বলেছেন,যুবসমাজ যেন মাদকের অন্ধকারে হারিয়ে না যায়। খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে তরুণদের নিজেদের গড়ে তুলতে হবে।
শুক্রবার বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট ফাজিল মাদ্রাসা মাঠে ‘শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে আবেগঘন বক্তব্যে এসব কথা বলেন সন্তানহারা এই মা।
তিনি বলেন, “যুবসমাজই একটি দেশের ভবিষ্যৎ। আমাদের সন্তানরা মাদকের অন্ধকারে হারিয়ে না গিয়ে খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে নিজেদের গড়ে তুলুক—এটাই এখন সময়ের দাবি।”
টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি আনিসুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা,সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,সদস্য আলতাফ হোসেন, অধ্যাপক রফিকুল ইসলাম,রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব শহিদুল ইসলাম।
বক্তারা বলেন,শহীদ রাজীবের মতো বীর সন্তানদের আত্মত্যাগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই যুবসমাজকে মাঠমুখী করতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
পরে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় চাকিরপশার ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় উমরমজিদ ইউনিয়ন একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
নতুন-রিকন্ডিশন্ড-ব্যবহৃত গাড়ি, সবই মিলবে এক বাজারে
১২ ঘন্টা আগে